নির্ঝর রহস্য খণ্ড ১ | বৈশালী দাশগুপ্ত নন্দী – পাঠ প্রতিক্রিয়া দিলেন অরুণীমা নাথ ব্যানার্জী
শেষ করলাম লেখিকা বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা নির্ঝর রহস্য ১। বইটিতে ৩টি বড় গল্প রয়েছে যেগুলি হল- সোনালি কলম রহস্য, গাড়িটায় লাশ ছিল, ভগবান নিদ্রা গিয়েছেন। এই তিনটি গল্পের সারসংক্ষেপ সহ মূল চরিত্রদের পরিচয় ব্লার্বে থাকা অংশ থেকেই তুলে দিলাম… “নির্ঝর সেনগুপ্ত একজন থ্রিলার লেখক। দু’দশকের বেশি সময় ধরে বাংলা সাহিত্য জগতে তাঁর সগর্ব পদচারণা। সংবেদ চ্যাটার্জী একজন সম্পাদক ও সমালোচক। তবে লেখালেখিও নেহাত কম নেই তার। পেশায় একটি বেসরকারি অফিসের চাকুরে সে। বইপাড়ার এক বিখ্যাত প্রকাশকের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে কলকাতার বাইরে গিয়ে এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হন নির্ঝর ও সংবেদ সহ দুই বাংলার আরও কয়েকজন লেখক। খুন হলেন একজন বর্ষীয়ান লেখক এবং অবসম্ভাবী খুনিও বইপাড়া ঘনিষ্ঠ কেউ বা কারা। ঘটনাক্রমে থ্রিলার লেখক নির্ঝর বনে গেলেন গোয়েন্দা। বুদ্ধি ও যোগাযোগকে হাতিয়ার করে সমাধান করলেন সেই রহস্যের। সেই শুরু। তারপর থেকে একের পর এক রহস্যের জট ছাড়াতে ছাড়াতে থ্রিলার লেখক কখন যেন নিজেই হয়ে উঠলেন রহস্যভেদী। রহস্য তাঁকে খুঁজে নেয়। কখনও মধ্যরাতে কার ওয়াশে গাড়ি ধুতে দেখে নিজের খটকা মেটাতে গিয়ে জড়িয়ে পড়েন রহস্যে, কখনো বা এক হাই প্রোফাইল খুনের কেসে কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ে সাপ! প্রতি ক্ষেত্রেই সংবেদ তাঁর সঙ্গী। বইয়ের গোয়েন্দার নিস্পৃহ মন নিয়ে নয়, বাস্তবের মানুষের আবেগ ও আদর্শ নিয়ে নির্ঝর সমাধান করে চলেছেন একের পর এক ধাঁধা “ সবমিলিয়ে ওয়ান টাইম রিড হিসেবে নির্ঝর রহস্য ১ ঠিকঠাক। এবার আসি বইটি কেমন লাগল সেই বিষয়ে… সত্যি বললে পড়ার পর বেশ হতাশ হলাম! জানি লেখিকার আগের সৃষ্টিগুলোর থেকে এই কাহিনী সম্পূর্ণ পৃথক। তবুও পড়তে গিয়ে মনে হয়েছে আমার পড়া তাঁর অন্যান্য লেখার কাছে এই বইয়ের কাহিনীগুলো যথেষ্ট দুর্বল। বিশেষভাবে বললে যে তিনটি রহস্যের অবতারণা করা হয়েছে সেই রহস্যগুলো খুবই সাধারণ। সামান্য বুদ্ধি প্রয়োগ করলে পাঠক নিজেই এগুলোর সমাধান করতে পারবে। তৃতীয় কাহিনীটিতে কিছুটা জটিলতা বা রহস্য থাকলেও প্রথম দুটি গল্প রহস্য সৃষ্টির ক্ষেত্রে খুবই সাধারণ বলে আমার মনে হয়েছে। প্রথম কাহিনী অর্থাৎ যেখানে পাঠকের সাথে প্রথম নির্ঝর ও সংবেদের প্রথম সাক্ষাৎ হচ্ছে সেটাও খুব দ্রুত বলে মনে হয়েছে। ব্লার্ব থেকে পাঠক জানছেন তাদের দুজনের বিশেষত নির্ঝরের সাহিত্য জগতে খ্যাতির কথা। এই দুটি চরিত্র ও তাঁদের পেশাগত জীবন নিয়ে আরেকটু বেশি আলোচনা থাকলে ভালো হত। সাথে নির্ঝরের মধ্যে গোয়েন্দাগিরির নেশা কিভাবে জন্ম নিল সেই বিষয়ে কিছু তথ্য থাকলে আমার মতে পাঠকের তাঁদের সাথে রিলেট করতে সুবিধা হত। তাছাড়া স্বল্প পরিসর বলেই হয়তো কাহিনী যথেষ্ট দ্রুত এগিয়েছে। সামান্য ধীরে আরেকটু বেশি রহস্য নিয়ে গল্প এগোলে ভালো লাগত… নির্ঝর ও সংবেদ ছাড়া বাকি চরিত্রদের চিত্রন যথাযথ। মুদ্রণ প্রমাদ চোখে পড়েনি। হার্ড বাইণ্ড হলেও বাইন্ডিং খুব একটা ভালো নয়। হার্ড বাইণ্ডের ওপর পেপারব্যাক আছে কিন্তু সেই পেপারব্যাকে প্রচ্ছদ থাকলেও হার্ড কভারে কিছুই নেই। পৃষ্ঠার মান ও ফন্ট যথেষ্ট ভালো। সবমিলিয়ে ওয়ান টাইম রিড হিসেবে নির্ঝর রহস্য ১ ঠিকঠাক। আগামী দিনে নির্ঝর ও সংবেদকে আরো অনেক বেশি জটিল রহস্য সমাধানে পাঠাবেন লেখিকা এই আশা রাখি।

