* বই: সহবাস
* লেখিকা: Sathi Das
* প্রকাশনী : দীপ প্রকাশন
* পৃষ্ঠা: ১৮৪
* মূল্য: ৩০০ টাকা
এক নজরে গল্প:
গল্পের নায়িকা অনুমেঘা । সে একজন শিক্ষিকা। জীবনের প্রথম পর্যায়ে তার সঙ্গী হয় বর্ষণ কিন্তু সবাই তো সবার সবটুকুকে ছুঁতে পারে না তেমন বর্ষণও পারেনি অনুমেঘার সাহিত্যপ্রেম বা তার আবেগকে ছুঁতে । ধীরে ধীরে অনুমেঘা ভালোবাসে লেখক ‘উজান’ এর কলমকে। কখন যে উজানের লেখার প্রতি মুগ্ধতা মানুষটার প্রতি অসমবয়সী এক তীব্র আকর্ষণের রূপ নিল, অনুমেঘা নিজেও তা টের পায়নি। তারপর আসে এক সুবর্ণ সুযোগ যা উজান ও অনুমেঘাকে অনেক কাছাকাছি নিয়ে আসে। তবে এ গল্প কেবল অসমবয়সী প্রেমের নয়, এ হলো আত্মিক নৈকট্য আর নীরব দূরত্বের মাঝে আটকে পড়া এক অদ্ভুত মানসিক সহাবস্থানের গল্প, সমাজের চোখে যা অন্যায় কিন্তু সেই অনুভূতির থেকে নিস্তার পাওয়ার কোনও পথ নেই।

পাঠ প্রতিক্রিয়া :
প্রথমেই যা না বললেই নয় তা হলো লেখিকার লেখনী এক কথায় অপূর্ব। শান্ত নদীর নীচে যেমন প্রবল চোরাস্রোত থাকে, লেখিকার ভাষা ঠিক তেমনই গভীর আর সম্মোহনী। যে কথা খুব সহজে বললে তার ওজন কমে যায় তাকে একটা পূর্ণ রূপ দিয়েছেন লেখিকা। ভাষার আঁটসাট পাঠককে শেষ পর্যন্ত এক অদ্ভুত মোহের মধ্যে আটকে রাখে।
গল্পের গভীরতা শুধুই একটি অসমবয়সী প্রেম নয়, তাকে অনুভব করতে হবে প্রতিটা পদক্ষেপে। আমরা অনেকেই আছি যারা আমাদের প্রিয় লেখক লেখিকার লেখনীতে মুগ্ধ হই বারবার, তেমনই অনুমেঘার কাছে ছিলো উজান। উজানকে বোঝার চেষ্টা করেছি। অনুমেঘার পাওয়া না পাওয়াগুলো, ভেতরের চাপা কান্না আর না বলা অভিমানগুলো পড়তে গিয়ে মনের ভেতর অচেনা এক বিষাদ জমে ওঠে। বর্ষণের অনুভূতিগুলো ছুঁয়েছে আমাকে বারবার। বইয়ের পাতা ভিজেছে অনেকবার।আসলে ‘সহবাস’ মানে শুধু এক ছাদের নীচে থাকা নয়, মনের ভেতরে অন্য কাউকে বয়ে বেড়ানোর নামও সহবাস। ![]()
পুনশ্চ: আমি খুবই আবেগপ্রবণ। আমার কাছে গল্পের প্রতিটি চরিত্রের সুখ দুঃখ ম্যাটার করে । আমার ছোট ছোট কথাতেই চোখ ভিজে যায় তাই আমার পছন্দ যে আপনাদেরও পছন্দ হবে সেটা বলছি না । এটা আমার একান্ত নিজের প্রতিক্রিয়া।



